কুড়ি টাকা দিয়ে ফর্ম পূরণ করলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে লক্ষাধিক টাকা। প্রধানমন্ত্রীর ‘শৌচাগার মিশনের’ নাম করে এমন করেই টাকা তুলছিল একটি এনজিও সংস্থা।ইংরেজবাজার পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এমনই টাকা তোলার ফাঁদ পেতে ছিলো সংস্থাটি। আজ এই সংস্থার এমন কান্ডে সন্দেহ হয় বাসিন্দাদের। খবর পৌছায় পুরসভার প্রতিনিধিদের কাছে। জিজ্ঞাসাবাদ করতেই পুর প্রতিনিধিদের প্রমান দিতে পারেনি এনজিও সংস্থার কর্মীরা। এরপর ইংরেজবাজার থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে এই এনজিও সংস্থার দুই কর্মীকে আটক করে তদন্ত শুরু করেছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুর এলাকায়।
এলাকাবাসীরা জানান, ওই দুই কর্মী ২০ টাকা করে নিয়ে বলেছে শৌচালয় তৈরি করে দিবে। আর ২০০ টাকা দিয়ে ফর্ম ফিলাপ করলে বাড়ি তৈরির জন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে সারে তিন লক্ষ টাকা। এই ভাবে প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫০০ জনের কাছ থেকে তারা টাকা নেয়।ইংরেজবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সব থেকে বেশী মানুষ তাদেরকে টাকা দেয় বলে জানান এলাকাবাসীরা।